চট্টগ্রামে আদালত থেকে আসামির পলায়ন
পুলিশের ৭ সদস্য প্রত্যাহার, তদন্তে কমিটি
ছবি: ফাইল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩ | ১৩:০৬ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ | ১৩:০৯
চট্টগ্রামে আদালত থেকে মাদক মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার আদালতের দায়িত্ব থেকে তাদের প্রত্যাহার করা হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঘটনার পাঁচদিন পার হলেও ওই আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পালিয়ে যাওয়া আসামি হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রয়াত রহমত আলীর ছেলে শামসুল হক বাচ্চু।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে চন্দনাইশের উত্তর গাছবাড়িয়া এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ শামসুল হক বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এর পরদিন তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে নেওয়ার প্রস্তুতির সময় পালিয়ে যান শামসুল হক বাচ্চু।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন সমকালকে বলেন, ‘এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলার পর প্রাথমিকভাবে সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের তদন্তকমিটি গঠন করা হয়েছে। তদন্তে দায়িত্বরত পুলিশ সদস্যদের কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।
