আধিপত্য বিস্তারের জেরে চট্টগ্রামে ব্যবসায়ী খুন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:০৩ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:০৩
চট্টগ্রামে দোকান থেকে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে এক তেল ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাতে নগরীর পতেঙ্গা থানার ভিআইডি রোডের বাটারফ্লাই পার্কের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. রফিক (৩৫) পতেঙ্গার দক্ষিণ পাড়ার বদিউল আলমের ছেলে। পতেঙ্গা নেভাল দরোডে তার তেলের দোকান রয়েছে। দোকানের অদূরেই তার বাড়ি।
স্থানীয় লোকজন ও পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় সন্ত্রাসী ইলিয়াস ওরফে গাভী ইলিয়াস জড়িত। তার সঙ্গে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে রফিক দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পতেঙ্গা বাটারফ্লাই পার্কের সামনে এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রফিকের ভাই মোহাম্মদ শাহানুর বাদী হয়ে ইলিয়াসসহ ১২ জনকে আসামি করে পতেঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) আরিফ হোসেন বলেন, ‘পতেঙ্গা ১৫ নম্বর ঘাটসহ আশেপাশের এলাকা নিয়ন্ত্রণ, ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে ইলিয়াসের সঙ্গে নিহত রফিক ও তার বড় ভাই নুরুল আবসারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। পারিবারিক বিরোধও রয়েছে তাদের। যেগুলো নিয়ে একে অপরের বিরুদ্ধে মামলা করেছেন। এ বিরোধের জেরে ইলিয়াসের অনুসারীরা রফিককে কুপিয়ে হত্যা করেছে বলে তথ্য পেয়েছি।’
রফিকের ভাবী পারভীন আক্তার বলেন, ‘রফিক জ্বালানি তেলের ব্যবসা করত। এই ব্যবসা নিয়ে আওয়ামী লীগের ইলিয়াস-রুস্তমসহ কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল। ওরা তাকে আগেও কয়েকবার মারধর করেছে। পুলিশের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। এবার তাকে ওরা খুন করে ফেলল। আমরা এর বিচার চাই।’
হত্যাকাণ্ডে অভিযুক্ত ইলিয়াস ওরফে গাভী ইলিয়াস নিজেকে পতেঙ্গা থানা সৈনিক লীগের সভাপতি পরিচয় দেন। তার বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে অর্ধডজন মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে জাহাজের অবৈধ তেল বাণিজ্য, নদীপথের বিভিন্ন লাইটারেজে মালামাল বহন, জাহাজে মালামাল সরবরাহসহ বিভিন্ন কাজে কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- ব্যবসায়ী নিহত
- ছুরিকাঘাত
