ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ফসলি জমিতে পাতা ফাঁদে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল কিশোরের

ফসলি জমিতে পাতা ফাঁদে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল কিশোরের
×

প্রতীকী ছবি।

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:০১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:০১

নোয়াখালীর চাটখিল উপজেলায় ফসলি জমিতে ইঁদুর মারার অবৈধ বৈদ্যুতিক ফাঁদে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারানো মো. তারেক (১৪) উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামের শামসুল আলমের ছেলে। আড়াই লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ওসমান গনি ইঁদুর নিধনে বক্তারপুর গ্রামে তাঁর ধানক্ষেতের চারপাশে অবৈধভাবে বৈদ্যুতিক তারের ফাঁদ পাতেন। রোববার রাত ৮টার দিকে কিশোর তারেক তার বন্ধুদের নিয়ে ওই ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় অন্ধকারে বৈদ্যুতিক ফাঁদে পড়ে। ওই সময় বন্ধুদের চিৎকারে স্থানীয়রা গিয়ে তারেককে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর রাতেই তারেকের পরিবারকে আড়াই লাখ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে ওসমান গনি এবং বর্তমান ইউপি সদস্য আবদুস সাত্তারের বিরুদ্ধে। এ কারণে বিষয়টি সোমবার বিকেলে জানাজানি হয়।

তবে ইউপি সদস্য আবদুস সাত্তারের দাবি, ঘটনার পরপরই বিষয়টি চাটখিল থানা পুলিশকে জানানো হয়। পরে স্থানীয়ভাবে সমাধান করা হয়। ইউপি চেয়ারম্যান এসএম বাকি বিল্লাহ জানান, আড়াই লাখ টাকায় বিষয়টি সমাধান করা হয়েছে বলে তাঁকে জানানো হয়েছে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, তাঁরা বিষয়টি শুনেছেন। তবে ওই কিশোরের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এ ধরনের মৃত্যুতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের বিধান আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

চাটখিল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। 

আরও পড়ুন

×