সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
প্রতীকী ছবি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ | ২৩:২২
সাতক্ষীরা সদর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ অহেদ আলী গাজী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে উপজেলার ধুলিহর ইউনিয়নের একটি আম বাগানে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।
নিহত অহেদ আলী গাজী ধুলিহর ইউনিয়নের তমালতলা গ্রামের মৃত নবাত আলী গাজীর ছেলে। পুলিশের দাবি- দুইদল সন্ত্রাসীর গোলাগুলির মুখে ওই ব্যক্তি নিহত হয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শুক্রবার ভোররাতে ধুলিহর এলাকার একটি আমবাগানে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের টিম সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রসীরা এ সময় পালিয়ে যায়।
তিনি বলেন, সন্ত্রাসীদের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে এ সময় হত্যাসহ একাধিক মামলার আসামি অহেদ আলী গাজী মারা যায়। পরে পুলিশ তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বড় ছোরা।
ওসি আরও জানান, তার বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা সিটি কলেজ প্রভাষক মামুন হত্যা এবং ২০১৯ সালের ২২ জুলাই আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ ৬টি মামলা রয়েছে। নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- সাতক্ষীরা
- বন্দুকযুদ্ধ
- বন্দুকযুদ্ধে নিহত
