ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঝুঁকিপূর্ণ সঞ্চালন লাইনে ঝুলছিলেন বিদ্যুৎকর্মী

ঝুঁকিপূর্ণ সঞ্চালন লাইনে ঝুলছিলেন বিদ্যুৎকর্মী
×

ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড়

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৩ | ০৬:৩৩ | আপডেট: ০২ জুন ২০২৩ | ০৬:৩৩

হোসেনপুরে পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনে ঝুলছিল এক ঠিকাদারের লাইনম্যানের নিথর দেহ। তিনি ঝুঁকিপূর্ণ খোলা সঞ্চালন লাইনে শুক্রবার সকাল ১০টার দিকে কাজ করতে গিয়ে প্রাণ হারান। বিদ্যুৎ সংযোগ বন্ধ করার পর ফায়ার সর্ভিস কর্মীরা তাঁর মরদেহ নামিয়ে আনেন। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মী আল আমিন এ তথ্য জানিয়েছেন। এ সময় স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন।   

নিহত ব্যক্তির নাম আব্দুল হাফিজ (২২)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচভাগ ইউনিয়নের শাকচূড়া গ্রামের ফরজুল মিয়ার ছেলে বলে জানিয়েছেন তাঁর ঠিকাদার আমিনুল ইসলাম। খবর পেয়ে বাড়ি থেকে হাফিজের স্বজনরা ঘটনাস্থলে আসেন।  

পল্লীবিদ্যুতের হোসেনপুর অঞ্চলের ডিজিএম আবদুল্লাহ আল আমিন চৌধুরী বলেন, হোসেনপুর সদরের মডেল মসজিদে লাইন নেওয়ার জন্য ঠিকাদার আমিনুল ইসলামের কর্মী আব্দুল হাফিজ ১১ কেভি লাইনে কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। লাইনটির তারে কোনো রাবার ছিল না। ঠিকাদার আগে জানালে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রাখা হতো। তাহলে এ দুর্ঘটনা ঘটত না। 

তবে ঠিকাদার আমিনুল ইসলাম বলেন, হোসেনপুর পল্লীবিদ্যুৎ অফিসে আমার কর্মী শহীদুল ইসলাম সঞ্চালন বন্ধ করার অনুরোধ জানালে অফিস থেকে সঞ্চালন বন্ধ করা হয়েছে বলে জানানো হয়। এরপরই লাইনে কাজ করতে গিয়ে হাফিজ মারা যান। মূলত পল্লী বিদ্যুৎ অফিসের লোকদের গাফিলতির কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে। 

পল্লীবিদ্যুৎ কিশোরগঞ্জ অঞ্চলের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. জুলফিকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত হবে। পল্লী বিদ্যুতের কারও গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

আব্দুল হাফিজের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।   

আরও পড়ুন

×