আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্য করোনায় আক্রান্ত, কোয়ারেন্টাইনে ৪৫০
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০২:১৪ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ০৩:৪৬
ময়মনসিংহের মুক্তাগাছায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক কনস্টেবল করোনায় আক্রান্ত হওয়ায় ৪৫০ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। লকডাউন করা হয়েছে ব্যাটালিয়নের চারপাশের পুরো এলাকাকে।
গত ২০ মার্চ ঢাকা থেকে বদলি হয়ে মুক্তাগাছার ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নে যোগ দেন জয়পুরহাটের বাসিন্দা পুলিশ কনস্টেবল নাজমুল হোসেন। তার সঙ্গে আরও ২০ জন বদলি হয়ে আসেন মুক্তাগাছায়। ঢাকা থেকে আসার পর থেকেই তার শরীরে জ্বরসহ করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। তাকে ময়মনসিংহ এসকে হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা টেস্টে বুধবার তার শরীরে করোনায় আক্রান্তের রিপোর্ট পাওয়া যায়। পরে তাকে আইসোলেশনে রাখা হয়।
এ ঘটনায় বুধবার থেকে ব্যাটালিয়নসহ এর চারপাশের পুরো এলাকা লকডাউনের ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন। এছাড়া ব্যাটালিয়নের ৪৫০ সদস্যকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।
২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নজরুল হোসেন বলেন, করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাকে ময়মনসিংহ এসকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে নমুনা সংগ্রহের পরীক্ষায় তার শরীরে করোনা উপসর্গ পাওয়া যায়।
ইউএনও সুবর্ণা সরকার বলেন, ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় ব্যাটালিয়নসহ পুরো এলাকায় লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।
