নাটোরে করোনা উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু, গ্রাম লকডাউন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৪:১৬ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ০৪:৫৩
নাটোরের সিংড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃতুতে পুরো গ্রাম লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়ার মোহাম্মাদ আলী হাসপাতালের আইসোলেশনে তার মৃত্যু হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার কুড়ি পাকুরিয়া গ্রামের বাসিন্দা ওই গৃহবধূ (৪০) দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তিনি অসুস্থ অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে আইসোলেশন বেডে চিকিৎসীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
পরে ওই গ্রামকে লালপতাকা টাঙিয়ে লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, ইতিমধ্যে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরিন বানু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আপাতত ওই গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে ওই গৃহবধূর মৃত্যুর কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল আলমের উপস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক মৃতদেহটি দাফনের নির্দেশ দেয়া হয়েছে।
