বগুড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী ও সতীনের ছেলে পলাতক
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৪:৫৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বগুড়ার শিবগঞ্জে বহুলজান বিবি (৫৫) নামের এক গৃহবধূকে বুধবার গভীর রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কিচক ইউনিয়নের শালদহ পশ্চিমপাড়া গ্রামের ওই বাড়ির উঠান থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত বহুলজান ওই গ্রামের মোছদে আলী দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর থেকে তার সতীনের ছেলে শহিদুল ইসলাম এবং স্বামী মোকছেদ আলী পলাতক রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শব-ই বরাতের হালুয়া-রুটি তৈরি করা নিয়ে বুধবার রাতে স্বামী মোকছেদ আলী ও সতীনের ছেলে শহিদুল ইসলামের সঙ্গে বহুলজান বিবির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোকছেদ আলী ও শহিদুল ইসলাম মিলে তাকে মারধর করে। এতে সে নিস্তেজ হয়ে পড়লে তারা বুলুজান বিবিকে বাড়ির উঠানে রেখে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার রাত ২টার দিকে বহুলজানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের নির্যাতনের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী ও সতীনের ছেলে পলাতক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
