জ্বর নিয়ে নারায়ণগঞ্জ থেকে নরসিংদীতে, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৭:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নরসিংদীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফেরা সুলতানা বেগম (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী পূর্বপাড়া গ্রাম থেকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আমানুল্লাহর স্ত্রী।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে ঠান্ডা-জ্বর নিয়ে নারায়ণগঞ্জ থেকে নরসিংদীর চরাঞ্চলের বাড়ি ফিরেন ওই নারী। সকালে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে নৌকাযোগে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস বলেন, খবর পেয়ে মৃত ওই নারীর নমুনা সংগ্রহ করে আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
