শেরপুরে জ্বর-সর্দিতে ২ জনের মৃত্যু, ১৬ বাড়ি লকডাউন
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৮:৪২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
শেরপুরে জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও পাতলা পায়খান নিয়ে বৃহস্পতিবার সকালে যুবক ও শিশুর মৃত্যু হয়েছে।
সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের সাতপাকিয়া মধ্যপাড়া গ্রামের সামছুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (৪২) বাড়ি বাড়ি ঘুরে কবুতর বিক্রি করতেন। দু’দিন ধরে তিনি জ্বর, সর্দি-কাশি, গলাব্যথায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে পাতলা পায়খানা শুরু হলে তিনি মারা যান।
শেরপুর সদরের ইউএনও মো. ফিরোজ আল মামুন জানান, খবর পেয়ে স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা তার বাড়িতে হাজির হয়ে করোনা সংক্রমণ নিশ্চিত হতে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন। এ ঘটনায় ওই বাড়িসহ আশপাশের ১৬ বাড়ি লকডাউন ঘোষণা করে বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
এদিকে ঝিনাইগাতীতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আফিফা নামে একবছর বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে বুধবার রাতে শেরপুর সদর হাসপাতাল থেকে ফেরার পথে শিশুটি মারা যায়। শিশুটি ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামের আনোয়ার ওরফে আকাশ মিয়ার মেয়ে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ওই শিশুর বাড়ি গিয়ে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য পরিবারের চার সদস্যের নমুনা সংগ্রহ করেন।
অন্যদিকে বৃহস্পতিবার জেলায় আরো ১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এ.কে.এম. আনোয়ারুর রউফ। বুধবার পাঠানো ৩০ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, তবে কারোরই করোনা সংক্রমণ ধরা পড়েনি বলেও তিনি জানিয়েছেন।
