ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

শ্রদ্ধা-ভালোবাসায় তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ

শ্রদ্ধা-ভালোবাসায় তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ
×

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ | ১৪:৫৩ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩ | ১৪:৫৩

২০১১ সালের ১৩ আগস্ট সিনেমার লোকেশন দেখে মাইক্রোবাসে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ গাড়ির পাঁচ যাত্রী। মর্মান্তিক এ ঘটনার ১২তম বার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় নিহতদের স্মরণ করেছে মানিকগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

দিনটি উপলক্ষে রোববার নিরাপদ সড়কের দাবিতে দুর্ঘটনাস্থলে মানববন্ধন, নিহতদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, স্মৃতিচারণমূলক আলোচনা সভা, চিত্রাঙ্কন, পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় দুর্ঘটনাস্থলে মানিকগঞ্জ প্রেস ক্লাব, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ, ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেললাইন বাস্তবায়ন আন্দোলন কমিটি ও বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বারসিকসহ বেশ কয়েকটি সংগঠন যৌথভাবে এসব কর্মসূচি পালন করে।

জোকা এলাকায় নিরাপদ সড়ক, রেললাইনের স্থাপন ও নিহতদের পরিবারের করা ক্ষতিপূরণের মামলার চূড়ান্ত নিষ্পত্তিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়। এতে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য দেন পরিবেশবিদ দীপক কুমার ঘোষ, বারসিকের জেলা সমন্বয়কারী বিমল রায়, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রিপন আনসারী, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি গাজী ওয়াজেদ আলম, রেইনবো থিয়েটারের পরিচালক গিনি আলম প্রমুখ।

দুপুরে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মৃতি পরিষদ এবং বানিয়াজুর ইউনিয়ন গণকেন্দ্র পাঠাগারের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।


আরও পড়ুন

×