ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শোক দিবসের অনুষ্ঠানে অর্থমন্ত্রীর জন্য ভোট চাইলেন ওসি

শোক দিবসের অনুষ্ঠানে অর্থমন্ত্রীর জন্য ভোট চাইলেন ওসি
×

নাঙ্গলকোট উপজেলার মিলনায়তনে শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ওসি ফারুক আহমেদ। ছবি- ভিডিও থেকে নেওয়া

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ১৫:৩৯ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ | ১৫:৩৯

কুমিল্লায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট চেয়েছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ।

মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রীর জন্য ভোট চান ওসি। উপজেলা প্রশাসন জাতীয় শোক দিবস উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে।

ওসির ভোট চাওয়ার বক্তব্যের ২৯ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ওসি ফারুক তার বক্তব্যে বলেন, ‘নাঙ্গলকোটের মানুষ গণহারে উনাকে (আ হ ম মুস্তফা কামাল) আবারও নির্বাচিত করবেন। এটা আমার দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটের এত উন্নয়ন করেছেন। নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাটও ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, তখন আপনাদের মন জয় করলেন এবং আপনাদেরকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন।’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে ফারুক আহমেদ সমকালকে বলেন, ‘আমার এক আত্মীয় হাসপাতালে আছে। আমি এই বিষয়ে আর কিছু বলতে চাই না।’

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান বলেন, ওসি কী বলেছেন আমি জানি না। আগে ভিডিওটি দেখতে হবে। তারপর বলতে পারব।

আরও পড়ুন

×