জাতির পিতার সমাধিতে মন্ত্রীদের সহধর্মিণীরা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১৫:১৩ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ১৫:১৩
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে রোববার শ্রদ্ধা নিবেদন করেছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও সাবেক পররাষ্ট্র সচিবের সহধর্মিণীরা।
এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান নেতার স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন এবং ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশের সমৃদ্ধির জন্য দোয়া করেন।
এ সময় শ্রদ্ধা নিবেদন করেন পরিকল্পনামন্ত্রীর সহধর্মিণী জোলেখা মান্নান, শিল্পমন্ত্রীর সহধর্মিণী নাদিরা মাহমুদ, কৃষিমন্ত্রীর সহধর্মিণী শিরীন আক্তার বানু, রেলমন্ত্রীর সহধর্মিণী শাম্মী আক্তার মনি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সহধর্মিণী ফিরোজা পারভীন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সহধর্মিণী মেহ্লাপ্রু, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সহধর্মিণী সৈয়দা মোনালিসা ইসলাম, বিমান প্রতিমন্ত্রীর সহধর্মিণী শামীমা জাফরীন, সংস্কৃতি প্রতিমন্ত্রীর সহধর্মিণী ড. সোহেলা আক্তার, অ্যাটর্নি জেনারেলের সহধর্মিণী আফসারী খানম ও সাবেক পররাষ্ট্র সচিবের সহধর্মিণী নাছরীন হক। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং জাতির পিতার স্মৃতিবিজড়িত স্থান ঘুরে দেখেন।
