ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

মোবাইল চুরি: যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

মোবাইল চুরি: যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে
×

নিহত এজাহারের স্বজনের আজাহারি। ছবি: সমকাল

সীতাকুণ্ড- (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ০১:১৭ | আপডেট: ২২ অক্টোবর ২০১৯ | ০২:১৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

মঙ্গলবার সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ এজাহার মিয়া (২৭)।  তিনি সতিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মোহাম্মদ মুফিজের ছেলে। তার দেড় বছরের এক কন্যাসন্তান রয়েছে। 

এজাহার মিয়ার শাশুড়ি মরিয়ম বেগম জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম পুলিশ লাইনে কর্মরত এসআই রায়হান এজাহারকে মোবাইল ফোনে ভাটিয়ারী কলেজপাড়ায় তার নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় এসআই রায়হানসহ তার মেয়ের জামাই, শ্যালক ও স্ত্রী মিলে মোবাইল চুরির অভিযোগ এনে এজাহারের হাত–পা রশি দিয়ে বেঁধে পেটায়। এরপর মঙ্গলবার ভোর রাত ৫টার দিকে একটি সাদা মাইক্রোবাসে এজাহারকে মুমূর্ষু অবস্থায় ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড়ের ব্রিজ এলাকায় নিয়ে যায় তারা। সেখান থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে আরও অসুস্থ হয়ে পড়েন এজাহার। স্ত্রী পপি ও শাশুড়ি তাকে স্থানীয় বিএসবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তার লাশ ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে নিয়ে আসেন তারা। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী অভিযুক্ত পুলিশ সদস্যের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।  

অভিযুক্ত এস আই রায়হান মুঠোফোনে জানান, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। কিছুদিন আগে তার একটি এন্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়। এ বিষয়ে তিনি সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডি করেছেন। বিষয়টি নিয়ে এজাহারকে তিনি শুধু জিজ্ঞাসাবাদ করেছেন।

আরও পড়ুন

×