ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ফরিদপুর-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধ

ফরিদপুর-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধ
×
×

ফরিদপুর-রাজবাড়ী রুটে দু’দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১৬:৩৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১৬:৩৫

ফরিদপুর ও রাজবাড়ীর বাস শ্রমিকদের দ্বন্দ্বে দুই রুটের বাস চলাচল দু’দিন ধরে বন্ধ রয়েছে। ফলে দুই জেলার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ফরিদপুরের ট্রাফিক পুলিশ পরিদর্শক তুহিন লস্কর বলছেন, এ সমস্যা দুই জেলার মালিক ও শ্রমিক সমিতির। তাদের আলোচনা করে সমস্যার সমাধান করে নিতে বলা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী ও ফরিদপুরের বাস শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ফরিদপুর থেকে রাজবাড়ীর মালিকদের বাসগুলো ফিরিয়ে দেওয়া হয়। এর পরই রাজবাড়ী থেকে ফরিদপুরের বাসগুলো ফিরিয়ে দেওয়া হয়। বুধবার দুই জেলার পরিবহন মালিক ও শ্রমিকরা বসে সিদ্ধান্ত নেন, তারা নিজ নিজ জেলার শেষ পর্যন্ত বাস চালাবেন। রাজবাড়ীর মালিক-শ্রমিকরা এ সিদ্ধান্ত মেনে নিলেও ফরিদপুর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, নিজ নিজ জেলায় বাস চলাচল করলে যাত্রী কম হবে, তেল খরচ উঠবে না। এ বিবেচনা করে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। গোয়ালন্দের মোড়ে জ্যাম লেগে থাকে। এ মোড়ে পাঁচ মিনিটের বেশি বাস দাঁড়ালে জরিমানা করা উচিত। এ বিষয়ে ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হতে পারে।

রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক বলেন, বুধবার বিকেলে দুই জেলার সীমানা পর্যন্ত বাস চলাচলের সিদ্ধান্ত হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে আমরা বাস ছাড়ছি। তবে যাত্রী কম হচ্ছে।

ফরিদপুর ও রাজবাড়ী থেকে দিনে ১৪০ বার বাস যাতায়াত করে। সকাল ৬টা থেকে বাস চলা শুরু হয় এবং রাত ৮টা পর্যন্ত অব্যাহত থাকে। গত বুধবার সকাল ৬টা থেকে এ দু’পথে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।


আরও পড়ুন

×