চাঁদপুরে মৎস্য অবতরণ কেন্দ্রে অভিযান
শহরের বড়স্টেশন মাছঘাট আড়ত ও মৎস্য অবতরণ কেন্দ্রে অভিযান চালানো হয় - সমকাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:৫৩ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:৫৩
ইলিশের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে রাখতে এবং মাছ নিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা রুখতে অভিযান চালানো হয়েছে। শনিবার চাঁদপুর শহরের বড়স্টেশন মাছঘাট আড়ত ও মৎস্য অবতরণ কেন্দ্রে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল। অভিযানে সহযোগিতা করে চাঁদপুর সদর থানা পুলিশের একটি টিম।
সহকারী পরিচালক নূর হোসেন বলেন, শনিবার সমকালে প্রকাশিত সংবাদ নজরে আসার পর ইলিশের সবচেয়ে বড় বাজার চাঁদপুর শহরের বড়স্টেশনে মনিটর করা হয়েছে। তিনি বলেন, ‘আড়তের ব্যবসায়ীরা আমাদের কোনো ভাউচার দেখাতে পারেননি। এতেই নিশ্চিত হয়েছি, এখানে অনেক হেরফের আছে। আমরা প্রথম দিন কোনো জরিমানাতে যাইনি। সচেতন ও সতর্ক করেছি।’ তাঁর দাবি, কোনোভাবেই দাম বেশি না রাখা, ওজনে কম না দেওয়া এবং অন্য জায়গার ইলিশ ক্রেতার কাছে পদ্মা-মেঘনা নদীর বলে না চালাতে সতর্ক করা হয়েছে।
অভিযানকালে তাৎক্ষণিক ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, পরিচালক, আড়তদার, খুচরা বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। এখন থেকে আড়তদার, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতাদের ভাউচার রাখতে হবে বলা হয়েছে।
অনলাইনে মাছ বিক্রেতারা যেন সমিতিতে নাম অন্তর্ভুক্ত করে মাছ বিক্রি করেন। এটি নিশ্চিত করবেন সমিতির সভাপতি। অনলাইনে মাছ বিক্রেতাদের একটি তালিকা রোববারের মধ্যে পৌঁছাতে হবে তাদের কাছে।
- বিষয় :
- ইলিশ
- ইলিশের দাম
- দাম নিয়ন্ত্রণ
