ঝগড়া বাধিয়ে ছিনতাই করত দুই ভাই
ছিনতাইকারী দুই ভাই- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ০৯:৪১
চট্টগ্রাম নগরীতে ছিনতাই করে বেড়াত দুই ভাই। রিকশা আরোহীদের সঙ্গে কৌশলে ঝগড়া বাধিয়ে ছিনিয়ে নিত মালপত্র। অবশেষে অস্ত্র, গুলিসহ তাদের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নগরের টাইগারপাস এলাকা থেকে দুই ভাইকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু'জন হলো- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামের মো. শাহ আলম শেখ ও মো. হাসান শেখ। তারা থাকত চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা বিটাক দুর্গাপাড়া মুহুরির কলোনিতে। তাদের ছিনতাই কাজে ব্যবহৃত রিকশাটিও জব্দ করা হয়েছে। তবে তাদের সহযোগী রিকশাচালক মো. জাহেদ হাসান ওরফে লম্বা হাসান পালিয়েছে।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, রিকশাযোগে তিন ছিনতাইকারী কোতোয়ালি থানার আটমার্চিং মোড় থেকে টাইগারপাসের দিকে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র, কার্তুজসহ শাহ আলম ও হাসান শেখকে গ্রেফতার করা হয়। তবে রিকশাচালক জাহেদ হাসান পালিয়ে যায়। শাহ আলমের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
গ্রেফতার দুই ভাই জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, নগরের রেয়াজউদ্দিন বাজার, টেরিবাজার, হকার্স মার্কেটসহ বিভিন্ন পাইকারি মার্কেটের কাছে জাহেদ রিকশা নিয়ে অবস্থান করত। মালপত্র নিয়ে কেউ মার্কেট থেকে বের হলে জাহেদ তাকে নিয়ে গন্তব্যে রওনা হতো। আর শাহ আলম ও হাসান রিকশাটিকে অনুসরণ করত। পথে হঠাৎ রিকশা ঠিক করা কিংবা অন্য কোনো কৌশলে যাত্রীকে নামতে বলত জাহেদ। সে সময় পথচারীর বেশে থাকা শাহ আলম ও হাসান ওই যাত্রীর সঙ্গে ইচ্ছাকৃতভাবে ঝগড়া বাধাত। এ সুযোগে মালপত্র নিয়ে চম্পট দিত রিকশাচালক জাহেদ।
গত ১৬ অক্টোবর রেয়াজউদ্দিন বাজার থেকে মো. আমিন নামে এক ব্যবসায়ী প্রায় এক লাখ টাকার মালপত্র নিয়ে যাওয়ার পথে কোতোয়ালি থানা মোড়ে ছিনতাইকারী দুই ভাইয়ের সঙ্গে ঝগড়া বাধে। পরে জাহেদ রিকশাসহ মালপত্র নিয়ে সেখান থেকে সটকে পড়ে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করেছিলেন ভুক্তভোগী মো. আমিন।
- বিষয় :
- চট্টগ্রাম
- ছিনতাই
- ছিনতাইকারী গ্রেফতার
