সিলেটে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০১:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি (৩৫) মারা গেছেন।
শনিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) সুশান্ত মহাপাত্র।
করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি কানাইঘাটের বায়মপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
শুক্রবার রাতে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডা. সুশান্ত মহাপাত্র বলেন, মৃত ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। বর্তমানে নমুনা ল্যাবে আছে।
তিনি বলেন, পরীক্ষার ফলাফল আজ রাত অথবা রোববার পাওয়া যাবে। মরদেহ এখনও হাসপাতালেই আছে।
