ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

পীরগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই, আটক ৬

পীরগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই, আটক ৬
×

পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় আটক ৬- সমকাল

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০২:২৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২০ | ০৩:২৬

রংপুরের পীরগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন স্থানীয় এক পৌর কাউন্সিলরের ছেলে। তারা শুক্রবার রাতে করোনার সময়ে দোকান খোলা কেন, মাস্ক পরেননি কেন, বলে একটি বাজারে গিয়ে দোকানদার ও পথচারীদের কাছ থেকে নগদ টাকাপয়সা কেড়ে নিচ্ছিলেন। শনিবার দ্রুত বিচার আইনে মামলার পর আটক যুবকদের জেল হাজতে পাঠনো হয়েছে। 

তারা হচ্ছেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর ও বণিক সমিতির সভাপতি থানাপাড়ার সাইফুল আজাদের ছেলে ইয়াতিমুল ইসলাম অলিন (২০), কাউন্সিলরের সহদর আব্দুল হালিম মন্ডলের ছেলে জিসান মন্ডল (২২), উজিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বুর রহমানের ছেলে আহসান হাবিব বিপু (২১), উপজেলা সদরের সরদার পাড়ার মৃত মমতাজুর রহমানের ছেলে মওদুদ আহাম্মেদ ওরফে বিপ্লব সরদার (৩৫), ধনশালা গ্রামের মজিবর রহমানের ছেলে মেহেদি হাসান শাওন (২০) ও প্রজাপাড়ার প্রদীপ চন্দ্র সরকারের ছেলে উজ্জ্বল চন্দ্র সরকার (২৫)। 

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাসুমুর রহমান জানান, শুক্রবার রাতে ৬ যুবক  দুটি মোটর সাইকেলযোগে উপজেলার রায়পুর ইউনিয়নের কুমারগাড়ি মোড়ের মমিন মার্কেটে যায়। তারা পুলিশ পরিচয়ে দোকানদার ও পথচারীদের কাছ থেকে করোনার বিধিনিষেধ ভাঙ্গার অভিযোগে টাকাপয়সা কেড়ে নিচ্ছিল। বাজারের এক ওষুধ ব্যবসায়ী এদের একজনকে চিনতে পেরে পুলিশ নয় বলে চিৎকার করতে থাকে। এ সময় ছিনতাইকারীরা মোটর সাইকেলে উঠে পড়ে পালাতে চেষ্টা করে। তবে শিমুল বাড়ি এলাকায় ছিনতাইকারীদের একটি মোটর সাইকেলসহ ৩ জনকে আটক করে গণধোলাই দেয় বিক্ষুব্ধ জনতা। অন্য মোটরসাইকেলে ৩ ছিনতাইকারী পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। ঘটনাস্থল থেকে অলিন, জিসান,  বিপুকে জনতার হাত থেকে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর তাদের দেওয়া তথ্যমতে রাতেই সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। গভীররাতে পলাতক বিপ্লব, শাওন ও উজ্জ্বলকে আটক করা হয়। 

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, ঘটনায় জড়িত সবাইকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওষুধ ব্যবসায়ী রুহুল আমিন মামলা করলে শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। 

আরও পড়ুন

×