ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

নাসিরনগরে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

নাসিরনগরে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড
×

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০৩:০৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক কিশোরী। মঙ্গলবার  দিবাগত রাত আটটার সময় এ বাল্যবিয়ে বন্ধ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের কামারগাঁও গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের ১৫ বছরের এক কিশোরীর সঙ্গে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের রাখাল ঋষির ছেলে রনি ঋষির (১৬) বিয়ের আয়োজন করে দুই পরিবারের স্বজন। বিয়ের খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর রনি ঋষি পালিয়ে গেলে বরের বাড়ি থেকে কনেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়। স্থানীয়রা জানান, কনের মামা নয়ন ও এক নিকটাত্মীয় মেয়েটিকে বরের বাড়িতে নিয়ে যান বিয়ে দেয়ার জন্য।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কার্যালয়ে কনের মামা নয়ন ঋষির উপস্থিতিতে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার শর্তে অঙ্গীকারনামা নিয়ে কামারগাঁও ইউপি মেম্বার আজদু মিয়ার জিম্মায় সবাইকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে বরের বাবা রাখাল ঋষিকে ৫ হাজার, কনের মামা নয়ন ঋষি ও কনের নিকটাত্মীয় গোবিন্দকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।



আরও পড়ুন

×