ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইউরেনিয়ামের পঞ্চম চালান পৌঁছাল রূপপুরে

ইউরেনিয়ামের পঞ্চম চালান পৌঁছাল রূপপুরে
×

ইউরেনিয়াম বহনকারী গাড়ি-সমকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ | ০৫:৪৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ | ০৫:৪৬

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের আরেকটি চালান এসে পৌঁছেছে ঈশ্বরদীর রূপপুরে। এ নিয়ে জ্বালানির পঞ্চম চালান পৌঁছাল রূপপুরে। 

শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে ইউরেনিয়ামের গাড়িবহর রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর আগে শুক্রবার রূপপুরে এসে পৌঁছায় ইউরেনিয়ামের আগের চালানটি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো খুব ভোরে রাজধানী ঢাকা থেকে রওনা হয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পার হয়ে মহাসড়ক দিয়ে ঈশ্বরদীর দাশুড়িয়া ও রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। অন্যবারের মতো এবারও সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আনা হয় ইউরেনিয়ামের চালান।

এ বছরের ২৮ সেপ্টেম্বর বিশেষ বিমানে বাংলাদেশে এসে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানির প্রথম চালান। পরদিন ২৯ সেপ্টেম্বর কড়া নিরাপত্তা ব্যবস্থায় জ্বালানি নেওয়া হয় রূপপুর প্রকল্প এলাকায়। এরপর ৬ অক্টোবর ইউরেনিয়ামের দ্বিতীয় চালান, ১৩ অক্টোবর তৃতীয় চালান এবং ২০ অক্টোবর চতুর্থ চালান রূপপুর প্রকল্প এলাকা পৌঁছে। 

রূপপুর প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ড. শৌকত আকবর জানান, প্রথম চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ৫ম চালানের ইউরেনিয়াম রূপপুরে আনা হয়েছে। এসব জ্বালানি আমদানি, পরিবহন ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। 

২০২৫ সালের মাঝামাঝি বিদ্যুৎ কেন্দ্রটির ২য় ইউনিট চালু হতে পারে। দুটি ইউনিট চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারের ব্যয় ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। আর রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে আসছে ৯১ হাজার ৪০ কোটি টাকা।

আরও পড়ুন

×