‘যারা নৌকায় ভোট দেবেন না, দয়া করে ওদিক যাবে না’
ফাইল ছবি
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪ | ১১:৪৩
‘যারা নৌকা মার্কায় ভোট দেবেন না, দয়া করে ওদিক যাওয়ার দরকার নেই। একদম স্পষ্ট কথা।’ সোমবার (১ জানুয়ারি) সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের কারিগরপাড়ায় উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশে এমন বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস সবুর মোল্যা। নৌকা প্রতীকের উঠান বৈঠকে দেওয়া আওয়ামী লীগর এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর মোল্যা আরও বলেন, ‘সকালে উঠে আল্লাহর নাম করে ভোট কেন্দ্রে যাবেন। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্রে থাকব। কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হলি আমি সেখানে আগে থাকব। সবার দাওয়াত থাকল ভোট দিতি যাবেন নৌকা মার্কায়। যাগা সন্দেহ হবে আমার, তাগা কিন্তু ভোট টেবিলে মারতে হবে। এমনি গোপনে মারতি দেবনা, এর বিকল্প কিচ্ছু হবে না, আট নম্বর কেন্দ্রে অন্তত, আমি বেঁচে থাকতি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাবিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে আব্দুস সবুর মোল্যাকে জরিমানা করা হয়। এমন কাজ আর করবেন না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি।
- বিষয় :
- আওয়ামী লীগ
- সাতক্ষীরা
- সাতক্ষীরা-৪