উল্লাপাড়ায় করোনায় মৃত নারীর মেয়েও আক্রান্ত, এলাকা লকডাউন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২০ | ০২:০০ | আপডেট: ০৪ মে ২০২০ | ০২:৩৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ার করোনা আক্রান্ত এক নারীর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর তার মেয়েরও করোনা শনাক্ত হয়েছে। রোববার রাতে রাজধানীর মুগদা হাসপাতালে ওই নারী মারা যান। করোনায় আক্রান্ত মেয়েটি হাসপাতালে মায়ের সঙ্গেই ছিলেন। এ ঘটনায় সোমবার সকাল থেকে ওই নারীর বাড়ি পৌর শহরের পশ্চিমপাড়া মহল্লা লকডাউন করেছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই নারী ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সপ্তাহখানেক আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।
উল্লাপাড়া পৌর মেয়র এসএম নজরুল ইসলাম জানান, ওই নারীর মৃত্যুর পর তার স্বজনরা গভীর রাতে মরদেহ উল্লাপাড়ায় নিয়ে আসেন। এরপর কাউকে কিছু না জানিয়ে সোমবার রাতে সেহেরির পর পশ্চিমপাড়া কবরস্থানে মৃতদেহ গোপনে দাফন করেন। তিনি বলেন, মৃতদেহের সঙ্গে করোনা আক্রান্ত মেয়েটিও বাড়ি এসেছেন। সোমবার ভোরে খবরটি জানাজানি হলে প্রশাসন থেকে ওই নারীর বাড়িসহ পুরো মহল্লা লকডাউন করে দেয়া হয়েছে।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, সোমবার সকালে খবর পেয়ে একটি মেডিকেল টিম ওই নারীর বাড়িতে পাঠানো হয়েছে। তারা মৃত নারীর পরিবারের সদস্য এবং যারা তার মরদেহ দাফনের সঙ্গে জড়িত ছিলেন তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করেছে।
তিনি বলেন, সংগৃহীত নমুনা সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
- বিষয় :
- উল্লাপাড়া
- করোনায় মৃত্যু
- মেয়ের করোনা শনাক্ত