রজনীগন্ধা ফেরি ডুবার ৫৪ ঘণ্টা পর পাটুরিয়া ঘাটে ‘প্রত্যয়’
পাটুরিয়া ঘাটে নোঙর করেছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। ছবি-সমকাল
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪ | ১৬:১৬ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ | ১৬:১৯
মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে রজনীগন্ধা ফেরি ডুবির ৫৪ ঘণ্টা পর ঘাটে এসে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। শুক্রবার দুপুর ২টার দিকে পাটুরিয়া ঘাটে এটি পৌঁছায়। তবে নারায়ণগঞ্জ থেকে আসা এই উদ্ধারকারী জাহাজটি এখনও তার কাজ শুরু করেনি।
গত বুধবার সকাল ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের কাছে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ঘন কুয়াশার কারণে নোঙর করে থাকা অবস্থায় পদ্মা নদীতে ডুবে যায়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, পাটুরিয়ার পদ্মায় রজনীগন্ধা ফেরি ডুবির ঘটনার পর থেকে এ নৌ রুটে যাত্রী ও যানবাহন অনেকটা কমে গেছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নৌ বাহিনীর ডুবুরি দলের প্রধান শাহ পরান বলেন, নৌ বাহিনী, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসসহ তিনটি ইউনিটে প্রায় ৫০ জন ফেরিটি উদ্ধারের জন্য কাজ করছেন।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ‘রুস্তমে’র ধারণ ক্ষমতার চেয়ে ফেরির ওজন বেশি থাকার কারণে ফেরিটি উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ পাটুরিয়া ঘাটে ২টার দিকে এসেছে। আজই উদ্ধার কাজ শুরু হবে।
