চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ায় যুবক আটক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০৫:০০
চট্টগ্রামে মালি পদে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক প্রতারককে আটক করেছে র্যাব। তার নাম রাকেশ বিশ্বাস (২৫)।
বৃহস্পতিবার রাতে নগরীর আকবর শাহ থানা লতিফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। রাকেশ লতিফপুর গ্রামের মহাজন বাড়ির মদন বিশ্বাসের ছেলে।
র্যাব চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানিয়েছেন, রাকেশ এলাকার তিন ব্যাক্তিকে বিভিন্ন সময় পরিচ্ছন্ন কর্মী, ফুল বাগানের মালি পদে চাকরি দেওয়ার নামে এক লাখ ২০ হাজার টাকা নেয় রাকেশ। দীর্ঘদিন পর ওই তিন ব্যক্তি বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন। ফলে তারা বিষয়টি লিখিত আকারে র্যাবের কাছে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর রাকেশকে আটক করে র্যাব।
র্যাবের জিজ্ঞাসাবাদে রাকেশ জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছে সে। অভিযোগকারী তিন ব্যক্তির কাছ থেকেও একই কায়দায় পরিচ্ছন্ন কর্মী ও ফুলের বাগানে মালি পদে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়।