ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাইডেন-জয়া দম্পতির ঘরে তিন অতিথি

চট্টগ্রাম চিড়িয়াখানা

বাইডেন-জয়া দম্পতির ঘরে তিন অতিথি
×

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯:১১ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯:৩৯

চট্টগ্রাম নগরের ফয়’স লেকের চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ জো বাইডেন ও বাঘিনী জয়ার ঘরে তিনটি শাবক জন্ম নিয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাদের জন্ম হয়। বর্তমানে তারা মায়ের সঙ্গে আছে। সপ্তাহখানেক পর এই শাবকদের লিঙ্গ নির্ধারণ করা যাবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এ নিয়ে চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৭টিতে।

কর্তৃপক্ষ জানায়, বাঘিনী জয়ার জন্ম ২০১৮ সালের জুলাইয়ে আর বাঘ জো বাইডেনের জন্ম ২০২০ সালের ২৮ ডিসেম্বর। জো বাইডেনের জন্মের পর চট্টগ্রাম চিড়িয়াখানার ব্যবস্থাপনায় তাকে লালনপালন করা হয়। এক বছর লালনপালন করার পর বিশেষ প্রক্রিয়ায় খাঁচায় অবস্থিত অন্যান্য বাঘ পরিবারের সঙ্গে সোশালাইজেশনের মাধ্যমে সদস্য হিসাবে রি-ইন্ট্রোডাকশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই প্রথমবারের মতো বাঘটি নিজের পরিবার তৈরি করলো।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, মানুষের হাতে লালনপালন হয়ে পুনরায় বাঘ পরিবারের সঙ্গে একত্রীকরণের মাধ্যমে বংশবিস্তার করার চক্র একটি বিরল ঘটনা। প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে সই করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সম্মানার্থে বাঘটির নাম রাখা হয়েছিল জো বাইডেন।

তিনি আরও জানান, তিনটি শাবকই সুস্থ আছে। তারপরও যে কোনো ঝুঁকি এড়াতে তাদেরকে মায়ের সঙ্গে নিরাপদে রাখা হয়েছে। চিড়িয়াখানায় ৬৬ প্রজাতির ছয় শতাধিক পশু-প্রাণী রয়েছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন

×