ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেয়ে গলায় ফাঁস

স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেয়ে গলায় ফাঁস
×

ছবি: প্রতীকী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪ | ২১:৪৬

গাজীপুরের কালিয়াকৈরে সালমা বেগম (৪০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা এলাকায় তাঁর কথিত প্রেমিকের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। সালমা একই এলাকার মৃত তারা মিয়ার মেয়ে।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, ৬-৭ বছর আগে প্রথম স্বামীর সঙ্গে সালমার ছাড়াছাড়ি হয়। দুই-আড়াই বছর আগে রাখালিয়াচালার আরিফ মিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে ২০২২ সালের ৩০ জুন নোটারি পাবলিকের মাধ্যমে ৩০০ টাকার স্ট্যাম্পে তারা বিয়েবন্ধনে আবদ্ধ হন।

স্বজনদের অভিযোগ, সালমা বেগম দীর্ঘদিন ধরে সংসার শুরুর জন্য আরিফকে চাপ দিয়ে আসছিলেন। তবে আরিফ রাজি হচ্ছিলেন না। একাধিক সালিশেও বিষয়টির মীমাংসা করতে পারেননি গ্রাম্য মাতবররা। এ ক্ষোভ থেকে শুক্রবার সকালে আরিফের বাড়ির টিনশেড কক্ষে ঢুকে আড়ার সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস নেন সালমা।

ওই নারীর প্রথম পক্ষের ছেলে হাসান শেখের ভাষ্য, স্ত্রীর স্বীকৃতি চাইলে আরিফ মিয়া তাঁর মায়ের কাছে ৫ লাখ টাকা দাবি করেন। ওই টাকা দিলে বাড়িতে তুলে নেওয়ার আশ্বাস দেন তিনি। কিন্তু টাকা দিতে না পারায় দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন আরিফ। তাঁর অভিযোগ, আরিফই তাঁর মাকে হত্যা করেছেন।

ঘটনার পর আরিফ মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে যান। একাধিকবার কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি। খুদে বার্তা দিলেও উত্তর মেলেনি।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করছেন তারা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


 

আরও পড়ুন

×