নগরকান্দায় মেয়েকে বিষ পান করানো সেই মা মারা গেছেন
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০১:৩০
স্বামীর সাথে বনিবনা না হওয়ায় নিজের গর্ভজাত মেয়েকে বিষ খাইয়ে নিজেও বিষ পান করা ফরিদপুরের নগরকান্দার সেই মা মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মৌসুমী আজাদের স্বামী লিটন মোল্যার চাচাতো ভাই বদরুজ্জামান তারা মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বিষ পান করে অসুস্থ হলে মা মৌসুমী আজাদ ও তার ৮ বছরের মেয়ে ফায়জাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মৌসুমী আজাদের অবস্থা গুরুতর ছিলো। অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়।
তবে শিশু ফায়জা বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের লিটন মোল্যার স্ত্রী মৌসুমী নিজের মেয়েকে কীটনাশক পান করিয়ে নিজেও পন করেন। পরে তাদেরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।