ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রাম চিড়িয়াখানা

জো বাইডেন-জয়ার ঘরে এল প্রকৃতি, রূপসী ও স্রোতস্বিনী 

জো বাইডেন-জয়ার ঘরে এল প্রকৃতি, রূপসী ও স্রোতস্বিনী 
×

চট্টগ্রাম চিড়িয়াখানা তিন বাঘ শাবক। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ২০:৫৭

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ জো বাইডেন ও বাঘিনী জয়ার ঘরে জন্ম নেওয়া তিন শাবকের নাম রাখা হয়েছে প্রকৃতি, রূপসী ও স্রোতস্বিনী। সোমবার নাম দেওয়ার পর বাঘ শাবকগুলোকে প্রথমবারের মতো জনসমক্ষে আনা হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান তাদের দর্শনার্থীদের সামনে আনেন। গত ২৩ ফেব্রুয়ারি শাবক তিনটির জন্ম হয়।

জন্ম মাস পার হওয়ার পর বাঘ শাবকগুলোকে প্রথমবারের মতো খাঁচার বাইরে কিছু সময়ের জন্য রাখা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতেই ঘটা করে এ নামকরণের আয়োজন করে কর্তৃপক্ষ। চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ শাবক তিনটিকে খাঁচা থেকে বের করে জেলা প্রশাসকের হাতে দেন। এর মধ্য দিয়ে জন্মের এক মাস পর শাবকগুলোকে প্রথমবারের মতো দর্শনার্থীরা দেখতে পান। 

এ সময় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চিড়িয়াখানায় জন্ম নেওয়া তিনটি বাঘ শাবকের বয়স এক মাস পূর্ণ হয়েছে। এ উপলক্ষে তাদের নামকরণ করা হয়েছে। বাঙালির আবহমান সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে মিলিয়ে তিনটি বাঘের বাংলা নাম রাখা হয়েছে। নামকরণ ঘিরে জমকালো আয়োজন দেখতে অনেক দর্শনার্থী চিড়িয়াখানায় ভিড় করেন। 

ডা. শুভ বলেন, ‘জন্মের সাত দিন পর আমরা তাদের লিঙ্গ নির্ধারণ করি। শাবক তিনটিই মেয়ে। শারীরিকভাবে তারা এখন যথেষ্ট ভালো আছে। মায়ের কাছ থেকে ভালো সাড়াও পাচ্ছে। তিনটি বাঘ শাবকের জন্ম হয়েছে জো বাইডেন পরিবারে। প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে স্বাক্ষর করায় আমেরিকার প্রেসিডেন্টের সম্মানার্থে বাঘটির নাম তখন জো বাইডেন রাখা হয়েছিল।’ 

চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে বাঘের সংখ্যা ১৭টি। 

আরও পড়ুন

×