দুর্বৃত্তের আগুন থেকে রেহাই পেল না অ্যাম্বুলেন্সটি
বৃহস্পতিবার রাতে অ্যাম্বুলেন্সটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সমকাল
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৪ | ১৯:৩৯
করোনাকালে হতদরিদ্র রোগী বহনের জন্য অ্যাম্বুলেন্সটি কিনেছিলেন সদর উপজেলার মল্লিকপাড়া গ্রামের ব্যবসায়ী খাজা আব্দুস সাত্তার বাবলু। চালকের বেতনও তিনি দিতেন। এলাকার কেউ গুরুতর অসুস্থ হলে তাদের রাজবাড়ী, ফরিদপুর, ঢাকায় নেওয়া হতো এই অ্যাম্বুলেন্স দিয়ে। বৃহস্পতিবার রাতে সেই অ্যাম্বুলেন্সটি দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সটি আব্দুস সাত্তার বাবলুর বাড়িতেই থাকত। রাত আড়াইটার দিকে বাড়ির একজন সদস্য আগুন দেখে চিৎকার দেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে তারা আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি দেওয়ায় মানুষের খুব উপকার হয়েছিল। এ ঘটনা যারা ঘটিয়েছে, তারা অমানুষ।
খাজা আব্দুস সাত্তার বাবলু জানান, মানুষের সেবার জন্য দিয়েছিলেন অ্যাম্বুলেন্সটি। কে বা কারা এটি পুড়িয়ে দিয়েছে তা তিনি ধারণা করতে পারছেন না।
রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, কীভাবে আগুন লেগেছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তদন্ত চলছে।
খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি কামরুজ্জামান শিকদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিসংযোগ নাকি অগ্নিকাণ্ড, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
- বিষয় :
- আগুন
- অ্যাম্বুলেন্স সেবা
- রাজবাড়ী
