বান্দরবানে অপহরণের শিকার সেই ব্যাংক ব্যবস্থাপককে বদলি
ছবি: ফাইল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪ | ২১:৪৭
বান্দরবানে অপহরণের শিকার হওয়া সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। তাকে চট্টগ্রামের কর্ণফুলী শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে তাকে এ বদলি করা হয়েছে বলে জানা গেছে। বান্দরবান রুমা শাখায় তার স্থলাভিষিক্ত হয়েছেন একই শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) নারায়ণ দাশ।
গত ২ এপ্রিল রাতে ৭০ থেকে ৮০ জন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অস্ত্রধারী সন্ত্রাসী সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখায় হামলা চালায়। এ সময় তারা ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করার চেষ্টা চালায়। টাকা নিতে না পেরে ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। গত ৪ এপ্রিল তাকে উদ্ধার করে র্যাব।
সোনালী ব্যাংকের ৯ এপ্রিলের এক অফিস আদেশে বলা হয়েছে, রুমা শাখা, বান্দরবানের নেজাম উদ্দীনকে কর্ণফুলী শাখা, চট্টগ্রামের ব্যবস্থাপক (সিনিয়র অফিসার) ও যুগ্ম-জিম্মাদার (সাধারণ) করা হয়। কর্ণফুলী শাখার ব্যবস্থাপক মু. রেজাউর রহমানকে (প্রিন্সিপাল অফিসার) চট্টগ্রামের বাঁশখালী খান বাহাদুর (কে.বি) বাজার শাখায় এবং কে. বি বাজার শাখার ম্যানেজার হোসাইন মোহাম্মদ এরশাদকে (প্রিন্সিপাল অফিসার) প্রিন্সিপাল অফিস, পটিয়ার প্রিন্সিপাল অফিসার হিসাবে বদলি করা হয়।
সোনালী ব্যাংকের চট্টগ্রামের (দক্ষিণ) মহাব্যবস্থাপক মো. মুসা খান বলেন, সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে অপহরণের পর উদ্ধার হওয়া রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দিনকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। রুমার শাখার সিনিয়র এক কর্মকর্তাকে শাখাটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে। রুমা শাখায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলা ও অপহরণের ঘটনার পর তিনটি শাখার কার্যক্রম স্থগিত করে বান্দরবান শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রুমাসহ অপর শাখাগুলোর কার্যক্রম পুরোদমে চালু করতে কাজ করছি।
- বিষয় :
- সোনালী ব্যাংকে ডাকাতি
- চট্টগ্রাম
