ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ

সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ২২:০৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ | ২২:১০

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে। 

উপজেলার নিজামকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী নওশের আলী মোল্লার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল শেখসহ বেশ কয়েকজন সদস্য একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

অভিযোগে বলা হয়েছে, উপজেলার নিজামকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী নওশের আলী ১৯ অক্টোবর উপজেলার রামদিয়া-তালতলা সরকারি রাস্তার তিনটি মেহগনি গাছ তার লোকজন দিয়ে কেটে নিয়ে গেছেন, যার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। একই কৌশলে নিজামকান্দি গ্রামের আশ্রাফুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন তালতলা-ফলসি সরকারি রাস্তার একটি রেইনন্ট্রি (কড়াই) গাছ কেটে নিয়ে যান সাবেক ওই ইউপি চেয়ারম্যান, যার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। পরের দিন একই গ্রামের লাল্টু সরদার ও সাহেব মেম্বারের বাড়ির কাছ থেকে আরও দুইটি মূল্যবান শিশু গাছ কেটে নিয়ে যান তিনি।

তবে কাজী নওশের আলী তার বিরুদ্ধে আনীত গাছ কাটার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যারা অভিযোগ করেছে তারাই রাস্তার গাছ কেটে বিক্রি করে দিচ্ছে, উল্টো আমাকে ফাঁসানোর জন্য তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।'

অবশ্য তার সমর্থকেরা দুই-একটি গাছ কেটে নিয়েছে বলে স্বীকার করেন তিনি।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিন্টু বিশ্বাস বলেন, ‘গাছ কাটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন

×