ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

বিদিশা এরশাদের বিরুদ্ধে মামলার আবেদন

বিদিশা এরশাদের বিরুদ্ধে মামলার আবেদন
×

বিদিশা এরশাদ। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ | ২০:১৫ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ | ২০:২৯

চট্টগ্রামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়ার আদালতে এ আবেদন করা হয়। তবে আজ মঙ্গলবার মামলা দায়েরের বিষয়টি জানাজানি হয়। 

মামলার বাকি আসামিরা হলেন– রাশেদুল ইসলাম রাশেদ ও শাহজাদা খন্দকার। বাদী ব্যবসায়ী মোরশেদ মঞ্জুর রুবেল নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা। 

আদালতের বেঞ্চ সহকারী মো. হাশেম জানান, আদালত মামলার শুনানির জন্য আগামী ৫ আগস্ট পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তী আদেশ দেবেন।

আবেদনে বলা হয়, এরশাদের মৃত্যুর পর পারিবারিক বিভিন্ন জটিলতায় বিদিশা ও তার ছেলে এরিক এরশাদ আর্থিক অসুবিধায় পড়েন। ব্যবসায়ী মোরশেদ নগদ এক কোটি ৮০ লাখ টাকা ধার দেন বিদিশা ও এরিককে। কিন্তু ওই টাকা তিনি পরিশোধ না করে আত্মসাৎ করেন। ওই টাকা শোধ করার জন্য এরিককে লিগ্যাল নোটিশ দেওয়ায় বিদিশা ক্ষিপ্ত হয়ে মোরশেদকে প্রাণনাশের হুমকি দেন। গত ২১ এপ্রিল মোরশেদের বাবা-মা ও ছেলেকে বিদিশার পা ধরে ক্ষমা চাইতে বলেন রাশেদ ও শাহজাদা। এ সময় তারা মোরশেদের ঘর থেকে ১০ লাখ টাকা মূল্যের ২২টি হাতঘড়ি, বিভিন্ন ব্যাংকের সইবিহীন ছয়টি চেকবই, তিনটি স্মার্ট ফোন, বিদিশা ও এরিক এরশাদের কাছ থেকে কেনা গাড়ির ডকুমেন্টস ফাইল, বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলসহ ব্যাগে রক্ষিত নগদ ৪০ হাজার টাকা নিয়ে যান।

আরও পড়ুন

×