সরকারি নলকূপ জঙ্গলে ক্ষুব্ধ এলাকাবাসী
নেত্রকোনার বারহাট্টায় বাজারের জন্য বরাদ্দ সরকারি নলকূপ স্থাপন করা হয়েছে জঙ্গলে সমকাল
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫ | ২৩:৩৯ | আপডেট: ১০ জুলাই ২০২৫ | ১৪:৫৫
নেত্রকোনার বারহাট্টা উপজেলার ‘সিংধা মোড়’ বাজারের জন্য বরাদ্দ সরকারি গভীর নলকূপ বসানো হয়েছে পাশের একটি জঙ্গলে। দুই বছর আগে নলকূপটি বসানো হলেও এখন পর্যন্ত ট্যাঙ্কি বসানো হয়নি। স্থানীয়রা নলকূপের ট্যাঙ্কি নিজেদের বাড়িতে নিয়ে রেখেছেন। তারা মোটরের সুইচ নিজেদের দোকানে রেখে নিজেদের খেয়ালখুশি মতো এটি ব্যবহার করেন। ফলে বাজারের
ব্যবসায়ী ও এলাকাবাসী নলকূপের পানি ব্যবহার করতে পারছেন না।
কাগজেপত্রে নলকূপ বসানো হলেও, বাস্তবে সুফল ভোগ করতে না পেরে ক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ট্যাঙ্কি বসিয়ে নলকূপটির পানি ব্যবহার উপযোগী করার দাবিতে সম্প্রতি ইউএনওর কাছে অভিযোগ দিয়েছেন স্থানীয় মোজ্জাম্মেল মিয়া।
খোঁজ নিয়ে জানা গেছে, বারহাট্টা উপজেলার সিংধা মোড় বাজারে ২০২২ সালে এডিবির অর্থায়নে ব্যবসায়ী ও স্থানীয়দের সুবিধার্থে একটি নলকূপ বরাদ্দ দেওয়া হয়। তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা মাঈনুল হক কাশেম এই গভীর নলকূপটি (সাবমার্সিবল) বাজারের ব্যবসায়ী ও বাজারে আসা লোকজনের ব্যবহারের সুবিধার জন্য বরাদ্দ দেন। বরাদ্দ অনুযায়ী নলকূপ বসানোর পর এতে ট্যাঙ্কি বসানো হবে। তবে নলকূপ বসানো হলেও উপজেলা চেয়ারম্যানের স্থানীয় দুই-তিনজন অনুসারী ট্যাঙ্কি তাদের বাড়িতে নিয়ে রাখেন। নলকূপের পানির নিয়ন্ত্রণও থাকে তাদের হাতে। এতে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী এই নলকূপের পানি ব্যবহার করতে পারছেন না।
ওই নলকূপের বরাদ্দের তথ্য জানাতে রাজি হননি এলজিইডির উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে। তিনি জানান, অনেক আগের কথা, মনে নেই। এই নলকূপ তৎকালীন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম এডিবির অর্থায়নে দিয়েছেন। এলাকার লোকজন মিলেই জায়গা নির্বাচন করেছেন।
সিংধা গ্রামের বাসিন্দা মোজাম্মেল মিয়া বলেন, দুই বছরের বেশি সময় আগে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর পানির সমস্যা সমাধানের জন্য এই নলকূপটি বসানো হয়েছিল। তবে বাজারের নলকূপ বসানো হয়েছে পাশের একটি জঙ্গলে। সেখানে ব্যবসায়ী বা সাধারণ মানুষ যেতে পারেন না। এর ট্যাঙ্কি গ্রামের দুই-তিনজন তাদের বাড়িতে নিয়ে রেখে দেন। এতে বাজারের কোনো মানুষ এই নলকূপের পানি ব্যবহার করতে পারছে না। মোটরের সুইচ নিজেদের দোকানে লাগিয়ে তারা নিজেদের মতো ব্যবহার করছেন।
একই গ্রামের সুমন মিয়া জানান, নলকূপটি বাজারের মধ্যে উন্মুক্ত জায়গায় বসানোর কথা ছিল। কিন্তু জোর করে এটি তাঁর জায়গায় জঙ্গলের মধ্যে বাসনো হয়েছে। এতে সাবমার্সিবল মোটর লাগানো হলেও দুই বছরেও বসানো হয়নি ট্যাঙ্কি। মোটরের সুইচ দুই-তিনজনের নিয়ন্ত্রণে আছে। তারা ইচ্ছে মতো ব্যবহার করেন। এতে এলাকার মানুষের কোনো ধরনের সুবিধা হয় না।
একই ধরনের কথা বলেন সিংধা মোড় বাজারের ব্যবসায়ী সবুজ মিয়াসহ এলাকার একাধিক ব্যক্তি। সবার দাবি দ্রুত সময়ের মধ্যে স্থানীয় প্রশাসন নলকূপটি উন্মুক্ত স্থানে বসানোর ব্যবস্থা করবে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাঈনুল হক কাশেম আত্মগোপনে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান জানান, নলকূপের বিষয়টি তাঁর জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- সরকারি প্রণোদনা