সুনামগঞ্জে ট্রলারডুবি
বেঁচে গেলেন ২৯ যাত্রী, ফেরা হলো না শামসুন্নাহারের
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পিঁপড়াকান্দা সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সেতুর নিচে ট্রলারটি ডুবে যায়। ছবি: সমকাল
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ | ১৬:০৬
সুনামগঞ্জের মধ্যনগরে ট্রলারডুবিতে শামসুন্নাহার বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পিঁপড়াকান্দা সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
শামসুন্নাহার কয়েকদিন আগে জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরসতীপুর গ্রামে তার বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে শুক্রবার সকালে ট্রলারযোগে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ট্রলারে অন্তত ৩০ জন যাত্রী ছিলেন। ট্রলারটি পিঁপড়াকান্দা সেতুর নিচে পৌঁছালে হঠাৎ ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীর উঠতে পারলেও শামসুন্নাহার নিখোঁজ হন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
মধ্যনগর থানার এসআই আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য যাত্রীরা নিরাপদ রয়েছে।
- বিষয় :
- ট্রলার ডুবি
- ট্রলারডুবি
- সুনামগঞ্জ
