চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি
ছবি: সমকাল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১৩:৫৮ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ১৪:০২
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে আবারও ভারত থেকে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ওই ১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, শুক্রবার রাত পৌনে ১টার দিকে বিএসএফ ১৫ জনকে পুশইনের চেষ্টা করে। এর মধ্যে দুজন পুরুষ, আটজন নারী ও পাঁচটি শিশু ছিল। তাঁদের নদীপথে একটি নৌকায় বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। কিন্তু নৌকাটি শূন্যরেখায় আসার পরপরই বিজিবি সামনে এগিয়ে গিয়ে বাধা দেয়। বিজিবির বাধার মুখে পরে রাত পৌনে ৩টার দিকে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই ১৫ জনকে ভারতে ফিরিয়ে নেন।
বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তজুড়ে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এর আগে একই উপজেলার বাংগাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে গত ৪ জুন গভীর রাতে সীমান্তের লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- পুশইন
- বিজিবি
- বিএসএফ
