বিশ্বকাপের গ্যালারিতে বর্ণবাদের শিকার কোরিয়ান ইনফ্লুয়েন্সার
দক্ষিণ কোরিয়ার ইনফ্লুয়েন্সার ইউন সু-জিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১৬:০৩ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ১৬:২৪
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে সম্প্রীতি আর উৎসব। সেখানে মেক্সিকোর এক স্টেডিয়ামের গ্যালারিতে ঘটে গেল লজ্জাজনক ঘটনা। ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় দিনে গ্যালারিতে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন দক্ষিণ কোরিয়ার ইনফ্লুয়েন্সার ইউন সু-জিন। ইন্টারনেট দুনিয়ায় যিনি ‘ইনো ক্যাট’ নামে বেশ পরিচিত।
মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচ চলাকালীন এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। নিজের মোবাইল ক্যামেরায় গ্যালারির কিছু মুহূর্ত ধারণ করছিলেন ইনো ক্যাট। ঠিক তখনই তার পেছনে বসে থাকা মেক্সিকোর এক স্থানীয় ফুটবল সমর্থক ক্যামেরার দিকে তাকিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। ভিডিওতে দেখা যায়, লোকটি দুই আঙুল দিয়ে নিজের চোখ টেনে ধরে চোখ বাঁকা করার অঙ্গভঙ্গি করেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই মুহূর্তের ধারণকৃত ভিডিওটি শেয়ার করে সু-জিন লেখেন, ‘বিশ্বকাপ দেখতে আমি এতটা পথ পাড়ি দিয়ে মেক্সিকোতে এসেছি। আমি কি একটু বেশিই সংবেদনশীল হয়ে পড়ছি? আপনি বিশ্বকাপের জন্য পুরো পৃথিবী ভ্রমণ করে আসেন এবং বর্ণবাদের মুখোমুখি হন।’
ভিডিওটি আপলোড করার পর মাত্র ২৩ ঘণ্টার মধ্যে তা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রায় ১ কোটি ৫০ লাখের বেশি ভিউ হওয়া ভিডিওটিতে ইতোমধ্যে ২ লাখ ২৮ হাজারেরও বেশি লাইক এবং প্রায় ৩০ হাজার মন্তব্য জমা পড়েছে। ফুটবলপ্রেমীরা ওই সমর্থকের এমন আচরণের নিন্দা ও শাস্তি দাবি করছেন।
