ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে রেলপথে পৃথক দুর্ঘটনায় নিহত ২

রাজবাড়ীতে রেলপথে পৃথক দুর্ঘটনায় নিহত ২
×
×

প্রতীকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১৩:৪৯

রাজবাড়ীতে রেলপথে পৃথক দুর্ঘটনায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে একই উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কুটিপাঁচুরিয়া এলাকায় এক নারীর মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত যুবকের নাম শফিক (৩০)। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তার পরিচয় জানা যায়নি।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রাজবাড়ী রেলস্টেশনের পশ্চিম দিকে বড়লক্ষীপুর এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সকালে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী শাটল ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। 

ওসি আরও জানান, সোমবার দিবাগত রাতে কুটিপাঁচুরিয়া এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ট্রেনের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

আরও পড়ুন

×