ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

৯ জনের পরিচয় শনাক্ত, শরীয়তপুরের ৫

৯ জনের পরিচয় শনাক্ত, শরীয়তপুরের ৫
×
×

যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে গেছে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১৩:৫৭ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬ | ১৪:৫৯

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এর মধ্যে ৫ জন শরীয়তপুর জেলার বাসিন্দা। তারা হলেন- জাজিরা উপজেলার আরোব আলী ফকিরের ছেলে সামাদ ফকির (৭০), কাজিরহাট গ্রামের ইউনুস আলীর ছেলে সোহাগ হোসেন (৩০), বড়কান্দি গ্রামের জহুর উদ্দিনের ছেলে জুয়েল রানা (৪০), ডুবি সাহেবের গ্রামের জাহান উদ্দিন মোল্লার শালাল মোল্লা (৪৫) এবং কাজির হাট গ্রামের শাহিন হোসেন (২৫)। 

নিহতদের মধ্যে আরও রয়েছেন- রাজাশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও বাসটির চালক সোহেল রানা (৪০), বাগমারা উপজেলার কনোপাড়া গ্রামে বাবর আলীর ছেলে আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে তাছফিয়া খাতুন (৯) এবং ফরিদপুরের বাকুন্দা এলাকার অমুল্য চন্দ্রের ছেলে হিমেস (২৮)। নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। 

মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। এতে ১৪ জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জন রামেক হাসপাতালে ভর্তি। নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। 

বনপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শামীম হোসেন বলেন, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাই নবাবগঞ্জগামী আরপি পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী বালুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়।

তিনি জানান, আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়। সড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×