ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শরীয়তপুর-চাঁদপুর নৌপথ

বিএনপির দু’পক্ষের বিরোধে ১৫ ঘণ্টা ফেরি বন্ধ, দুর্ভোগ

বিএনপির দু’পক্ষের বিরোধে ১৫ ঘণ্টা ফেরি বন্ধ, দুর্ভোগ
×

ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন, ছবি: সমকাল

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ | ২১:০৪

শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাট দিয়ে প্রায় ১৫ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে। সেনাবাহিনীর হস্তক্ষেপে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ফেরিগুলো যানবাহন পারাপার করছে।

এর আগে ফেরিঘাটের ইজারা নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার রাত ৩টার দিকে চাঁদপুর-শরীয়তপুর সড়কে যান চলাচল বন্ধ করে দেন জেলার সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালার লোকজন। অন্যদিকে নরসিংহপুর ফেরিঘাট দখলে নেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিন দিদারের অনুসারীরা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ইজারা ওঠানো নিয়ে ঝামেলায় ফেরি চলাচল বন্ধ ছিল। প্রশাসনকে জানানোর পর সন্ধ্যা ৬টার দিকে গাড়ি আসা শুরু করলে ফেরি চলাচল শুরু হয়। গাড়ির চাপ কমানোর চেষ্টা চলছে।

চাঁদপুর-শরীয়তপুর নৌপথ ব্যবহার করে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যানবাহন চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত করে। 

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নৌপথটির নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নেন মমিন দিদার। এর মধ্যে বিআইডব্লিউটিএ ২০২৫-২৬ অর্থবছরে নতুন করে ইজারাদার নিয়োগ করে। ঘাটের ইজারা পান জিসান বালা। ওই ইজারা বাতিলের চেষ্টা করে আসছিলেন মমিন। এ নিয়ে তিনি প্রথমে শরীয়তপুরের আদালতে মামলা করেন। খারিজ হয়ে গেলে তিনি উচ্চ আদালতে যান।

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার রাতে মমিনের লোকজন ফেরিঘাটের দখল নেন। তারা জিসানের অনুসারীদের ঘাট থেকে তাড়িয়ে দেন। পরে তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। যানবাহন না আসায় বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। এতে প্রাইভেটকার, ট্রাক, বাসসহ চার শতাধিক যানবাহন আটকা পড়ে।

মৃধাকান্দি এলাকায় শুক্রবার বেলা ২টার দিকে ট্রাকচালক নজরুল ইসলাম জানান, কাঁচামাল নিয়ে তিনি বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঘাটে এসেছেন। গরমে ঘণ্টার পর ঘণ্টা বসে কাটাচ্ছেন। পণ্য পচে গেলে কোম্পানি টাকা কেটে রাখবে।

বরিশাল থেকে ট্রাকে গরু নিয়ে টেকনাফের উদ্দেশে রওনা হওয়া রুবেল মিয়া বলেন, ‘ঘাটে আসার পর শুনি ইজারা নিয়ে ঝামেলা। কারা ইজারা পাবে, কে চালাবে, তাতে তো আমাদের কিছু আসে-যায় না। ট্রাকে ২৫ গরুর মধ্যে দুটি অসুস্থ হয়ে গেছে। ফেরি দ্রুত চালু না হলে বড় ক্ষতি হয়ে যাবে।’

জিসান বালা বলেন, ‘সরকার এক বছরের জন্য আমাকে ঘাটের ইজারা দিয়েছে। এখন শুনছি মমিন উচ্চ আদালত থেকে নিজের পক্ষে রায় পেয়েছেন। আদালতের কাগজপত্র হাতে আসার আগে পর্যন্ত আমিই বৈধ ইজারাদার। কিন্তু মমিনের লোকজন গাড়ি বন্ধ করে চাঁদাবাজি করছে।’

এ ব্যাপারে মমিন দিদার বলেন, ‘বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে আমি ইজারাদার হিসেবে রায় পেয়েছি। আমার লোকজন ঘাটে কাজ করছে। কিন্তু জিসান বালার অনুসারীরা ঝামেলা করছে।’

আরও পড়ুন

×