সিলেট সীমান্তে এক মাসে ৪১ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার
সিলেট সীমান্তে গত এক মাসে বিপুল ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়। ছবি: সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ | ১৭:২৭ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ | ১৭:৪০
বিজিবি-৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এক মাসে ৪১ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। সবশেষ গতকাল বুধবার রাতে আরও ৫ কোটি ১২ লাখ টাকার চোরাচালানের মালামাল উদ্ধার করে বিজিবি।
আজ বৃহস্পতিবার দুপুরে ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর নুরুল হুদা প্রেস ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সুনামগঞ্জ জেলার বাংলাবাজার এবং সিলেটের সংগ্রাম, উৎমা ও মিনাটিলা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, মাইফেয়ার ক্রিম, ক্লোপ জি ক্রিম, গরু, সুপারি, টমেটো ও চিনি উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার টাকা।
বিজিবির উপ-অধিনায়ক আরও জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন এলাকা থেকে চলতি মাসে সবচেয়ে বড় চালান ৬ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার করা হয় গত ১৮ জুলাই। এ ছাড়া ২ থেকে ২৩ জুলাই আরও ৮ কোটি টাকার পণ্য উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ১ জুলাই থেকে বুধবার পর্যন্ত প্রায় ৪১ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করে বিজিবি।
- বিষয় :
- বিজিবি
- সিলেট
- সীমান্ত
- চোরাচালান জব্দ
- ভারতীয় পণ্য
