ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৭ দিনেও খোঁজ মেলেনি অপহৃত জেমির

৭ দিনেও খোঁজ মেলেনি অপহৃত জেমির
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫ | ১৮:৫৬

এক সপ্তাহ পরও খোঁজ মেলেনি অপহরণের শিকার সুবর্ণ আক্তার জেমির (১৭)। গত ২৩ জুলাই বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে বাসায় ফেরার পথে অপহরণের শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরামদ্দির বখাটে হৃদয় শিকদারের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়। এর পর থেকে জেমির বাবা-মা প্রশাসন এবং জনপ্রতিনিধির দারস্থ হলেও কোনো সহায়তা পাচ্ছেন না অভিযোগ পরিবারের। 

জেমির মা জেসমিন আক্তার বলেন, গত ২৩ জুলাই বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে বাসায় ফেরার পথে বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরামদ্দির বখাটে হৃদয় শিকদারের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়। মান-ইজ্জতের কথা বিবেচনা করে শুরুতে স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে অভিযোগ করেন। যাতে অপহৃত জেমিকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু সেখানে কোন সহযোগিতা না পেয়ে বাকেরগঞ্জ থানায় গত শনিবার লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের তদন্ত কর্মকর্তা হচ্ছেন চরামদ্দি পুলিশ ফাড়ির কর্মকর্তা আলমগীর হোসেন।

আলমগীর হোসেন বলেন, তিনি স্থানীয় ইউপি সদস্য কালাম হোসেনের মাধ্যমে হৃদয় সিকদার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। যদি অপহৃত জেমিকে ফেরত দেওয়া না হয় তাহলে নিয়মিত মামলা রুজু করা হবে। 

অপহরণকারী হৃদয় সিকদারের এক চাচা জানান, ইউপি সদস্য কালামের আশ্রয়ে-প্রশ্রয়ে হৃদয় সিকদার এর আগেও অনেক অপকর্ম করেছেন। কিন্তু কখনও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়নি। প্রতিবারই কালাম হোসেন তাদেরকে প্রশ্রয় দিয়েছেন। এবারও সহযোগিতার কথা বলে মূলত সময়ক্ষেপন করার পরামর্শ দিয়েছেন হৃদয় সিকদারের পরিবারকে।
 
কালাম হোসেন বলেন, এটা হয়তো প্রেমঘটিত কোনো বিষয় হতে পারে। তিনি ওই পরিবারের সঙ্গে কথা বলেছেন। চেষ্টা করছেন সামাজিকভাবে বিষয়টি সমাধানের। 

ইউপি সদস্যের এই বক্তব্য নাকচ করে দিয়ে অপহৃত জেমির মা জেসমিন বলেন, তার মেয়েকে হৃদয় অপহরণ করে লুকিয়ে রেখেছে। তিনি জানেন না তার মেয়ে কোথায় আছে। প্রেমঘটিত বিষয় হলে আমরা জানতাম।

আরও পড়ুন

×