রাস্তা পাকা না করায় হাওরে তিন বছরেও চালু হয়নি ফায়ার স্টেশন
.
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ | ০০:৫৮
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরে তিন বছর আগে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ফায়ার স্টেশন। কিন্তু রাস্তা পাকাকরণের অভাবে চালু হচ্ছে না ফায়ার স্টেশনটি। হাওরাঞ্চলে অগ্নিকাণ্ড, নৌ, সড়কসহ বিভিন্ন দুর্ঘটনায় প্রায় প্রতিবছর মানুষ মরা যাচ্ছেন। দমকল বাহিনীর সেবা থেকে বঞ্চিত হচ্ছে হাওরাঞ্চলের মানুষ।
জানা গেছে, নেত্রকোনার হাওরাঞ্চলে গত ৫ বছরে ১২টি নৌ দুর্ঘটনা, ৩১১টি অগ্নিকাণ্ড, আটটি সড়ক ও ২৯টি অন্যান্য দুর্ঘটনায় ৫৪ জন প্রাণ হারিয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় চার কোটি ২৩ লাখ ৭২ হাজার টাকার। এ অবস্থায় হাওর উপজেলা খালিয়াজুরী সদরে তিন বছর আগে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে একটি ফায়ার স্টেশন নির্মাণ করা হয়। ২০১৯-২০ অর্থবছরে কাজ শুরু হয়ে শেষ হয় ২০২৩-২৪ অর্থবছরে। পরে ৯টি পদে ২০ জন লোক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে স্টেশন অফিসার একজন, সাব-স্টেশন অফিসার একজন, লিডার দুজন, স্পিডবোট চালক একজন, সাধারণ চালক দুজন, ফায়ার ফাইটার ১০ জন, ডুবুরি তিনজন, বাবুর্চি একজন ও ঝাড়ুদার একজন। তারা বর্তমানে বিভিন্ন স্টেশনে কর্মরত। প্রয়োজনীয় যন্ত্রপাতিও মজুত আছে। কিন্তু সামান্য রাস্তার কাজ বাকি থাকায় ঠিকাদারের কাছ থেকে স্টেশন বুঝে নেওয়া হয়নি।
খালিয়াজুরী স্টেশন চালুর বিষয়ে এলাকার বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। তাদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন বলেন, ‘আমরা খুব অবহেলিত অবস্থার মধ্যে আছি। আমাদের এলাকায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সরকারিভাবে সাহায্যের কোনো ব্যবস্থা নেই। তিন বছর আগে নির্মিত ফায়ার স্টেশনটি আজও চালু হয়নি।’
খালিয়াজুরীর নূরপুর বোয়ালী গ্রামের মো. হাবিবুল্লাহ জানান, ফায়ার স্টেশনটির জনবল থাকার পরও চালু হয়নি। এলাকায় অগ্নিকাণ্ড বা নৌকাডুবির ঘটনা ঘটলে অসহায় অবস্থার মধ্যে পড়েন তারা। মূলত ২০০ মিটার সংযোগ সড়ক পাকা না করায় স্টেশনটি চালু হচ্ছে না।
খালিয়াজুরী উপজেলা সদরের মহসিন মিয়া বলেন, নেত্রকোনার ৪০৮ বর্গকিলোমিটারের হাওরাঞ্চলে সাত লাখেরও বেশি মানুষের বসবাস। তাদের সেবা দিতে তিন বছর আগে ফায়ার স্টেশনটি নির্মাণ করা হলেও চালু হচ্ছে না। স্টেশনটি অকেজো অবস্থায় পড়ে থাকায় অবকাঠামোসহ যন্ত্রপাতি নষ্ট হচ্ছে।
নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমানের ভাষ্য, খালিয়াজুরী ফায়ার সার্ভিস অফিসটি সামান্য রাস্তা পাকাকরণের অভাবে চালু করা যাচ্ছে না। জনবল নিয়োগও হয়ে গেছে। হাওর উপযোগী সেবাদানের সব সরঞ্জামাদিসহ ফায়ার স্টেশনটি প্রস্তুত আছে। রাস্তাটি পাকা করা হলে স্টেশনটি চালু ও এলাকাবাসীর সেবা দেওয়া সম্ভব হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘প্রধান সড়ক থেকে ওই ফায়ার স্টেশন পর্যন্ত একটি রাস্তার সমস্যা ছিল। রাস্তাটি করা হয়েছে, কিন্তু রাস্তাটির কোনো দেয়াল ও পাকা না করার কারণে স্টেশনটি চালু করা সম্ভব হচ্ছে না। তবে রাস্তাটি দ্রুত পাকাকরণ করে স্টেশনটি চালু করা হবে।’
- বিষয় :
- রাস্তা সংস্কার
