চকরিয়ায় অটোরিকশায় এসে যুবককে গুলি করে হত্যা
মো. সুহায়েত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ | ১৬:০০
চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে দ্রুতগামী অটোরিকশা থেকে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন এক যুবক। শুক্রবার রাত ১২টার দিকে বদরখালী ইউনিয়নের ৩নং ব্লকের আজমনগর প্রাইমারি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১টার দিকে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, দ্রুতগামী একটি অটোরিকশা থেকে লক্ষ্য করে ওই মো. সুহায়েত নামে ওই যুবককে গুলি করে কে বা কারা। এরপর তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গুলিতে নিহত সুহায়েত বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার মো. নুরুল আজিজের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, নিহত সুহায়েতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাতে মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ হত্যার কারণ ও আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস জানান। তবে এখনও পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।
- বিষয় :
- চকরিয়া
- কক্সবাজার
- গুলি করে হত্যা
