নৈশপ্রহরীকে বেঁধে ১২ লাখ টাকা নিয়ে গেল দুর্বৃত্তরা
ফাইল ছবি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ | ১৭:১৭ | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ | ১৭:২৪
রাজবাড়ীতে নৈশপ্রহরীকে বেঁধে ব্যবসা-প্রতিষ্ঠানের তালা ভেঙে প্রায় ১২ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার রাতে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ভাই ভাই এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির মালিক জাহিদুল ইসলাম সদরের খানখানাপুর গ্রামের বাসিন্দা।
জাহিদুল ইসলাম জানান, গোয়ালন্দ মোড়ে প্লাস্টিক রিসাইক্লিংয়ের ব্যবসা রয়েছে তাঁর। তিনি রডের ব্যবসাও করেন। সে ব্যবসার টাকা এনে এখানে রেখেছিলেন। ভোর ৪টার দিকে খবর পান, তাঁর ব্যবসা-প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান।
নৈশপ্রহরী তাঁকে জানান, ছয়-সাতজনের মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত তাঁর (নৈশপ্রহরী) হাত-পা ও মুখ বেঁধে রাখেন। এরপর দোকানের তিনটি তালা ভেঙে ১২ লাখ ৭১ হাজার টাকা নিয়ে যায়। সোমবার সকালে সদর থানা ও খানখানাপুর তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে এসেছিল।
সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নৈশপ্রহরীকে বেঁধে রেখে দুর্বৃত্তরা কিছু টাকা নিয়ে গেছে। ভুক্তভোগী এখনও লিখিত অভিযোগ করেননি। দুর্বৃত্তদের ধরতে চেষ্টা চলছে।
