ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা

উপস্থিত হননি বাদী, চার্জশিট গ্রহণের শুনানি ২৫ আগস্ট

উপস্থিত হননি বাদী, চার্জশিট গ্রহণের শুনানি ২৫ আগস্ট
×

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | ০৭:১৭

চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে মারামারির জের ধরে মেথর গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় পুলিশের দাখিল করা চার্জশিট গ্রহণের শুনানি আগামী ২৫ আগস্ট। ওই দিন মামলার বাদী আলিফের বাবাকে হাজির হতে সমন জারি করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে চার্জশিট উপস্থাপন করা হলে এ আদেশ দেন বিচারক। 

গত ১ জুলাই আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) মাহফুজুর রহমান। চার্জশিটে উল্লেখ করা হয়, হত্যা মামলায় এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত আসামি ৪২ জন। যার মধ্যে এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পলাতক ১৮ জন। আসামিদের মধ্যে ৪ জনকে অব্যাহতি দানের প্রার্থনা করা হয়েছে। ১০ আগস্ট চার্জশিট গ্রহনের শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। কিন্তু বাদী উপস্থিত না হওয়ায় পিছিয়ে গেল চার্জশিট গ্রহণের শুনানি।

চট্টগ্রাম মহানগর এপিপি অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, পূর্বনির্ধারিত ধার্য তারিখ থাকায় আজ আদালতে চার্জশিট উপস্থাপন করে পুলিশ। শুনানিতে চাঞ্চল্যকর মামলার বাদী ও নিহতের বাবা বয়স্কজনিত কারণে অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেননি। পরে আদালত বাদীর বরাবরে উপস্থিতির জন্য সমন জারি করেন। ২৫ আগস্ট বাদীর উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেছেন।

গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর ৩১ অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। একই বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত। তাকে কারাগারে নেওয়ার পথে আদালত প্রাঙ্গণে তার জামিন ঘিরে সংঘর্ষে জড়ান চিন্ময়ের ভক্তরা। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সড়কের উপর পড়ে গেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

আরও পড়ুন

×