আশুগঞ্জ সার কারখানায় একই পে-স্কেল দাবিতে বিক্ষোভ
আশুগঞ্জ সার কারখানায় ‘এক করপোরেশন, এক পে স্কেল’ দাবিতে বিক্ষোভ। ছবি-সমকাল
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | ১৭:১৩
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার ও কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (এএফসিসিএল) শ্রমিক-কর্মচারীরা ‘এক করপোরেশন, এক পে স্কেল’ বাস্তবায়ন ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
রোববার সকালে কারখানার প্রধান গেইট, কারখানার প্রশাসন ভবনের সামনে এসব কর্মসূচি পালন ও পরে কারখানার ব্যবস্থাপনা পরিচালকের নিকট স্মারকলিপি দেওয়া হয়।
বক্তারা জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এর আওতাধীন বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারী দুই তৃতীয়াংশ জাতীয় পে-স্কেল এবং এক তৃতীয়াংশ জাতীয় মজুরি কমিশনের আওতাধীন। এদিকে আশুগঞ্জ সার কারখানায় ৭০২ জন শ্রমিক কর্মচারীর মধ্যে ৪৫২ জন জাতীয় পে কমিশন এবং ২৫০ জাতীয় মজুরি কমিশনের আওতাধীন।
তারা জানান, একই কারখানায় এবং একই কর্পোরেশনের আওতায় কাজ করলেও নানা কারণে দীর্ঘদিন ধরে মজুরি কমিশনের আওতাধীন শ্রমিকরা চরম বৈষম্যের শিকার ও ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত। জাতীয় বেতন স্কেলের আওতাধীন শ্রমিকরা সরকার ঘোষিত ১৫ শতাংশ বিশেষ প্রণোদনা পেলেও জাতীয় মজুরি কমিশনের আওতাধীন শ্রমিকরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, এতে তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছে। এ থেকে রক্ষা পেতে তা ‘এক কর্পোরেশন, এক পে-স্কেল’ বাস্তবায়নের দাবি জানানো হয়।
তারা আরও জানান, এটি বাস্তবায়নে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় হবে না। তবে শ্রমিক-কর্মচারীদের মাঝে যে বৈষম্য আছে তা নিরসন হবে।
বক্তারা জানান, চলতি বছরের মার্চের শুরু থেকে কারখানার উৎপাদন বিভাগে গ্যাস সংযোগ বন্ধ রাখে বিতরণকারী প্রতিষ্ঠান। এতে দৈনিক প্রায় সাড়ে ৪ কোটির টাকার বেশি মূল্যের ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে এক সময়ের লাভজনক কারখানাটি একটি রুগ্ন শিল্পে পরিণত হচ্ছে।
শ্রমিক-কর্মচারীরা জানান, কেমিক্যাল কারখানা দীর্ঘদিন বন্ধ থাকলে যন্ত্রপাতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া উৎপাদন বন্ধ থাকলে শ্রমিক-কর্মচারীরা বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়। তারা অভিযোগ করে, সরকার নিজস্ব উৎপাদন বন্ধ রেখে বিদেশ থেকে সার আমদানি করছে যা দেশের জন্য আর্থিক ভাবে ক্ষতিকর।কারখানার এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. বজলুল রশিদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আশুগঞ্জ সার কারখানার সিবিএ‘র সিনিয়র সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, কেমিক্যাল ওয়াকার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ ও শ্রমিক নেতা মনিরুজ্জামান পাভেল প্রমুখ।
এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার নাথ শ্রমিক-কর্মচারীদের মিছিল সমাবেশ ও স্মারক লিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।
- বিষয় :
- কারখানা
- সার কারখানা
- বেতন বৈষম্য
- আশুগঞ্জ
