ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সীতাকুণ্ডে তিন সাংবাদিককে হয়রানির অভিযোগে প্রতিবাদ সভা

সীতাকুণ্ডে তিন সাংবাদিককে হয়রানির অভিযোগে প্রতিবাদ সভা
×

ছবি: সমকাল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ | ১৯:৩৩ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ | ২০:০৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে কর্মরত তিন সাংবাদিককে নানা ধরনের ট্যাগ দিয়ে হয়রানির অভিযোগে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু। 

সভায় প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী। এতে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, এম সেকান্দর হোসাইন, সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সিনিয়র সদস্য মীর মো. দিদারুল হোসেন টুটুল, নির্দেশ তালুকদার বড়ুয়া, কামরুল ইসলাম দুলু, সাইদুল হক, ইকবাল হোসেন রুবেল, এস এম ইকবাল হোসাইন, মীর মামুনসহ আরও অনেকে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সীতাকুণ্ডে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি লিটন কুমার চৌধুরী এবং দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র দাসকে নানা ধরনের ট্যাগ দিয়ে হয়রানি করা হচ্ছে। একদল সাম্প্রদায়িক লোকজন ও কিছু সাংবাদিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে হয়রানি করছেন। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সৈয়দ ফোরকান আবু বলেন, আগামী ১৬ আগস্ট হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী অনুষ্ঠানকে কেন্দ্র করে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির উদ্দেশে অপপ্রচার করছে কিছু উগ্রবাদী। তারা সীতাকুণ্ডের তিন সাংবাদিকের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। যা মিথ্যা ও উদেশ্য প্রণোদিত। ওই সাম্প্রদায়িক গোষ্ঠী তিন সাংবাদিককে নানা ধরনের ট্যাগ দিয়ে হয়রানি করছেন, মব সৃষ্টির চেষ্টা করছেন। 

তিনি সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে অপপ্রচারকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।

এদিকে প্রতিবাদ সভা শেষে প্রেসক্লাবের সদস্যরা সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা হয়রানি, মব, অপপ্রচার ও বিভিন্ন ফেইক আইডির বিষয়ে ব্যবস্থা নিতে ওসিকে অনুরোধ করেন।  

সীতাকুণ্ড মডেল থানার ওসি বলেন, গুজব ছড়ানো কিছু ফেসবুক পেজ চিহ্নিত করা হয়েছে। তাদেরকে শনাক্তের চেষ্টা চলছে। দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

×