শোভাযাত্রায় চিন্ময় দাসের মুক্তি দাবিতে প্ল্যাকার্ড, আটক ৬
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ | ০৩:৩৫
চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার নগরীর আন্দরকিল্লা থেকে বের হওয়া শোভাযাত্রা থেকে তাদের আটক করা হয়।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আলমগীর হোসেন বলেন, আটক ছয়জন কোতোয়ালি থানায় রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে থানা থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শনিবার দুপুরে জন্মাষ্টমীর শোভাযাত্রাটি আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদীঘি পার হয়ে নিউমার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জে এম সেন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সনাতন ধর্মের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
এর আগে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
ছয়জন আটকের বিষয়ে জানতে চাইলে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু বলেন, ‘শোভাযাত্রায় সব ধরনের মানুষ অংশ নিয়েছে। এখান থেকে কোনো ভক্ত আটকের তথ্য আমাদের জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।’
জাতীয় পতাকা অবমাননায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০২৪ সালের অক্টোবরে কোতোয়ালি থানায় চিন্ময় দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় চিন্ময়কে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করে ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে হাজির করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিন তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ হলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতন সম্প্রদায়ের লোকজন। আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাসকে কারাগারে নিয়ে যায়। সেই সময় বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তখন তাদের ধাওয়া করে। পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। ২৬ নভেম্বর আদালত ভবন এলাকায় সংঘর্ষ ও হামলা এবং আইনজীবী আলিফ হত্যার ঘটনায় হওয়া মোট পাঁচটি মামলায় গ্রেপ্তার হয়ে এখনও কারাগারে আছেন চিন্ময়।
- বিষয় :
- চট্টগ্রাম
- চিন্ময় কৃষ্ণ দাস
- আটক
