ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে ‘মব’ সৃষ্টি করে কিশোরকে পিটিয়ে হত্যা

পাঁচজনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে ‘মব’ সৃষ্টি করে কিশোরকে পিটিয়ে হত্যা
×

প্রতীকী ছবি

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ | ১৪:৪৮ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ | ১৫:২৯

চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে ‘মব’ সৃষ্টি করে এক কিশোরকে পিটিয়ে হত্যা ও দুজনকে আহত করার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। নিহত কিশোরের মা খাদিজা বেগম বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় সাতজনকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় নোমান ও আজাদ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ধারণা, পূর্বের বিরোধ থেকে চোর সন্দেহের নাটক সাজিয়ে ওই কিশোরদের পেটানো হয়েছে। তাদের সবার বাড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। 

জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, এ ঘটনার পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- মুহাম্মদ নোমান (২২) ও মুহাম্মদ আজাদ (২৩)। তারা দুজনই কাঞ্চন নগর ইউনিয়নের মধ্যম কাঞ্চন নগর গ্রামের বাসিন্দা। তাদের দুজনকে আজ শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এই দুজনের বাইরে মামলার অপর তিন আসামি হলেন- নাজিম উদ্দিন, মোহাম্মদ তৈয়ব ও মহিউদ্দিন। তারাও একই গ্রামের বাসিন্দা। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিন কিশোর নগরে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পরে পরিকল্পিতভাবে ‘মব’ করে তাদের পেটানো হয়েছে। বাড়ির কাছাকাছি এলে তাদের চোর সন্দেহে সেতুতে বেঁধে পেটান কয়েকজন ব্যক্তি। এতে ঘটনাস্থলে মো. রিহান মাহিন (১৫) নামের এক কিশোর মারা যায়। সে ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুদি দোকানি মুহাম্মদ লোকমানের ছেলে। একই ঘটনায় রিহানের দুই বন্ধু মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে হাসপাতালে।

আরও পড়ুন

×